বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তার বিভিন্ন টিমের সদস্যদের মাধ্যমে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
শনিবার (১১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, টানা ভারী বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসের কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, শুক্রবার প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত জেলার প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া শনিবার সব বিভাগীয় কমিশনারদের সঙ্গে বৈঠক করে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে মতামত নেবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজ একযোগে চলমান রয়েছে।
মুখপাত্র বলেন, বন্যা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত করাসহ সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সমন্বিত এসব উদ্যোগের মাধ্যমে দুর্গত মানুষের দুর্ভোগ কমিয়ে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য।
মতামত দিন