Views Bangladesh Logo

সংসদ প্রাঙ্গণে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান। বৈরী আবহাওয়ার কারণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পরিবর্তে প্রধান প্রবেশ টানেলে জানাজা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সংসদের বিভিন্ন পর্যায়ের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কর্মময় জীবন, রাজনৈতিক অবদান ও সংসদীয় ভূমিকার স্মৃতিচারণ করেন সরকার ও বিরোধী দলের সদস্যরা।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ