Views Bangladesh Logo

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘ মহাসচিব এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়গুলোও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রশংসা করে রাষ্ট্রপতি তাঁকে অভিনন্দন জানান। তিনি ভাষণটিকে দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রপতির মতে, ওই বক্তব্যে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থান আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ