Views Bangladesh Logo

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।

জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন।

জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্পিকার, স্থানীয় সরকারমন্ত্রীসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

গত শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন মিজানুর রহমান সিনহা।

রাজনীতিতে তার ছিল দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ার। মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে যথাক্রমে ৫৮ হাজার ৪৫৫ এবং ৮৩ হাজার ৬২৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলানোর পর সর্বশেষ মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ