উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় ও ব্যয়ের মধ্যে শেষ না হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা, প্রকল্পের ব্যয় সঠিকভাবে প্রাক্কলন না করা, ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা এবং ক্রয় কার্যক্রমে বিলম্ব এর অন্যতম কারণ।
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে দুর্বল মনিটরিং ও জবাবদিহির ঘাটতি, অর্থায়নসংক্রান্ত জটিলতা এবং ব্যবস্থাপনার বিভিন্ন দুর্বলতাও সময় ও ব্যয় বৃদ্ধির জন্য দায়ী। অর্থাৎ কোনো একটি কারণে নয়, প্রকল্পের পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ের সমস্যাগুলো মিলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প প্রণয়ন, অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে তা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা ও তদারকির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন লিখিত প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।
মতামত দিন