বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, দেশি-বিদেশি বিনিয়োগে জোর
লোকসানী ও বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে দ্রুত পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে লোকসানী ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জুলফিকার হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় জানানো হয়, বন্ধ শিল্পকারখানাগুলোতে বিনিয়োগে ইতোমধ্যে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের প্রস্তাব এবং তারা কী ধরনের শিল্প স্থাপন করতে চায়, তা এখন সম্ভাব্যতা যাচাই করা হবে।
প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করার পাশাপাশি অপ্রয়োজনীয় বিলম্ব এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন