Views Bangladesh Logo

অভিনন্দন জানানো বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বের হয়ে হাতির ঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষণাৎ সরানো হয়।

আতিকুর রহমান রুমন বলেন, ‘রাজধানীর বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন কোম্পানির প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।’

তিনি বলেন, ‘কয়েকদিন আগে বিজয় সরণীর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল সেটা দেখে তিনি তখনই অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।’

মঙ্গলবার প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন। সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে আসেন।

দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক সাক্ষাৎ করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘উপকুলীয় ও বঙ্গপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে, রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে একটি ইতিবাচক পরিসংখ্যান আজ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ভিআইপি প্রটোকল বা রাস্তা বন্ধ না করে সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলায় যানবাহনের গতি বৃদ্ধি পেয়েছে।

গত ১৪ দিনের পরিসংখ্যানে দেখা গেছে, আগে রাজধানীর গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার, যা বর্তমানে বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থেকে উদাহরণ সৃষ্টি করায় এখন রাষ্ট্রপতি ও মন্ত্রীরাও একই নিয়ম অনুসরণ করছেন, যার সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে।

বাজার পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী সজাগ রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গত সোমবার প্রান্তিক মানুষের প্রধান খাদ্য ‘মোটা চাল’ এর দাম বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তৎক্ষণাৎ খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর এই কঠোর অবস্থানের ফলে খুচরা বাজারে চালের দামের ওপর তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব পড়েছে। জনসাধারণের দুর্ভোগ কমাতে যেকোনো ধরনের কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ