কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানীর একটি উপযুক্ত সড়কের নামকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় এবং ঢাকা সিটি করপোরেশনকে মৌখিক নির্দেশনা দিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশনকে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে নামকরণের জন্য এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিক নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে এ প্রস্তাব উপস্থাপনের জন্য বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান তিনি।
শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে কাতারের জনগণের প্রতিও সম্মান জানানো হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কাতার দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে এবং সেই সহযোগিতা এখনো অব্যাহত রয়েছে।
এদিকে, কাতারের সাবেক আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো শোকবার্তা কাতারের আমিরের কাছে হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
দোহার লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত রাষ্ট্রীয় শোকগ্রহণ অনুষ্ঠানে স্পিকার বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুম শেখ হামাদকে আধুনিক কাতারের স্থপতি হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং বাংলাদেশ-কাতার সম্পর্ক জোরদারে অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান উপস্থিত ছিলেন।
মতামত দিন