Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর ফোনে বদলে যাচ্ছে নামকরণে বিতর্কিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হতে যাচ্ছে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত নামে নামকরণ নিয়ে বিতর্কিত দুটি ইউনিয়নের নাম।

শুক্রবার (১৯ জুন) রাত পৌনে ৯ টার দিকে বিষয়টি ভিউজ বাংলাদেশকে নিশ্চিত করেন বগুড়ার জেলা (ডিসি) প্রশাসক তৌফিকুর রহমান।

এর আগে, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভেঙে নতুন উপজেলা মোকামতলা গঠন করা হয়।

গত ১৪ জুন সেই গেজেট প্রকাশের পরই নতুন দুটি ইউনিয়নের নাম নিয়ে সমালোচনা তীব্র আকার ধারণ করে। মোকামতলা উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে দুটির নাম রাখা হয় সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন।

অভিযোগ উঠে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তর নামের সঙ্গে মিল রেখে মোকামতলার দুটি ইউনিয়নের নামকরণ করা করান।

তবে প্রতিমন্ত্রীর দুই ছেলে ও ইউনিয়নের নাম মিলে যাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী সংসদে জানিয়েছেন, নামগুলো অলৌকিকভাবে তার পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিলে গেছে।

বগুড়ার জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী আমাকে মুঠোফোন সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন দুটির নাম পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন। ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুযায়ী এগুলোর নাম পরিবর্তন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ