ট্রেন দুর্ঘটনায় দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলে দুর্ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক করা এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি ট্রেন উদ্ধারের কাজ দ্রুত শেষ করে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
নিজের সাবেক নির্বাচনী এলাকা হওয়ায় বগুড়ার এই দুর্ঘটনার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আসনটি ছেড়ে দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে