Views Bangladesh Logo

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল অবিলম্বে চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বিভিন্ন স্থানে নির্মিত হওয়ার পর দীর্ঘ দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল অবিলম্বে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, হাসপাতালগুলো সচল করে আগামী ২ জুনের মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নির্দেশনা প্রাপ্ত এই হাসপাতালগুলো রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, কুমিল্লা এবং সিলেট জেলায় অবস্থিত। প্রায় ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক হাসপাতাল ভবনগুলো বছরের পর বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হলো।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দ্রুত এসব হাসপাতাল পরিদর্শন করে সেগুলো সচল করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এমএ মুহিত এবং স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিশু হাসপাতালগুলোর পাশাপাশি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালটিকেও পূর্ণাঙ্গভাবে চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ৫০০ শয্যার এই হাসপাতালটিতে বর্তমানে কেবল আংশিকভাবে সেবা প্রদান করা হচ্ছে। একইসাথে শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও পরিচালনাগত জটিলতা দূর করে দ্রুত পুরোদমে চালু করার তাগিদ দেওয়া হয়েছে।

বৈঠকে নীলফামারীতে ১০০০ শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল’ নির্মাণের কাজ ত্বরান্বিত করার ব্যাপারেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী এই প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি জেলায় আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য সচিব কামরুজ্জামান জানিয়েছেন, নীলফামারীর এই হাসপাতালটি নির্মিত হলে এটি রংপুর বিভাগের একটি আঞ্চলিক রেফারাল সেন্টার হিসেবে কাজ করবে এবং উত্তরাঞ্চলের মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসা প্রাপ্তি সহজতর হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ