Views Bangladesh Logo

চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন। বৈঠকের বিষয়টি সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধান খুঁজে বের করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শিল্পের সমস্যাগুলো শুনেছেন এবং প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

বৈঠকে দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি শিল্পের টেকসই উন্নয়নের জন্য কয়েকটি প্রস্তাবও দেন তারা।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত রাখবে।

এ সময় চা বাগান মালিকদের বিদ্যমান ঋণ সহজীকরণ, স্বল্প সুদে ঋণ সুবিধা, চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতার বিষয়েও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ