বিদেশে চাকরির সুযোগ বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণসংক্রান্ত কমিটির বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষাকেন্দ্র গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে, যাতে আগ্রহীরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে কাজের সুযোগ পেতে পারে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দ্রুত সম্প্রসারণের উপায় ও সংশ্লিষ্ট নানা দিক নিয়ে আলোচনা হয়।
এছাড়া বিদেশে কাজের সুযোগ পেতে যাতে কাউকে সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়, সে জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ চালু ও ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে