থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
মন্ত্রী আফরোজা খানম জানান, তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তবে কবে নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। তদন্ত করে কীভাবে দ্রুত কার্যক্রম শুরু করা যায়, তা নিয়ে কাজ হচ্ছে। তবে নির্দিষ্ট সময় উল্লেখ করা সম্ভব নয়।
টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হলেও কেন এখনো চালু করা যায়নি—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে জটিলতা ছিল। বর্তমানে সরকার দ্রুত চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, টার্মিনালটি চালুর আগে কিছু অবকাঠামোগত অংশ পুনর্বিবেচনা, নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা সমাধানসহ কয়েকটি সুপারিশ বাস্তবায়নের বিষয় রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে