ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে লোনা পানি পরিশোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে সমুদ্রের লোনা পানি পরিশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চাঁদপুরের নদীর মোহনা ও মোংলার উপকূলীয় এলাকায় এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের মতো সারাদেশে পাইপলাইনের মাধ্যমে এই পরিশোধিত পানি পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, বর্তমানে ঢাকা শহরের মোট ব্যবহৃত পানির ৭৪ শতাংশই ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
প্রতিমন্ত্রী বলেন, মেঘনা নদী থেকে পানি আনার জন্য ১৬ হাজার কোটি টাকার ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে।
তিনি আরও জানান, এ প্রকল্পে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেবে। এছাড়া ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনের জন্য আরও ১০০ কোটি টাকা অনুদান দিচ্ছে।
মতামত দিন