Views Bangladesh Logo

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর দূষণের বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা হয়। শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য, দুর্বল পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালের নাব্যতা কমে যাওয়া এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে নদীদূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

আলোচনায় শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে চালু রাখা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, পরিবেশ আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠন করা হবে। এই কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কার্যক্রম সমন্বয় করবে, সময়ভিত্তিক অগ্রগতি পর্যালোচনা করবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন জমা দেবে।

প্রধানমন্ত্রী বলেন, নদীদূষণ এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এখনই কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে এবং শুধু পরিকল্পনা নয়, তার কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

বৈঠকে স্থানীয় সরকার, পরিবেশ, বাণিজ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা ওয়াসা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাজউক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ