Views Bangladesh Logo

প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে ক্ষোভ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প বাস্তবায়নে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় নির্ধারণ করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮০ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় করা হবে।

সভা সূত্রে জানা গেছে, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। বারবার মেয়াদ বৃদ্ধির কারণে প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে এ বিলম্বের জন্য দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী সব ধরনের উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন। এলজিইডি ও পিডব্লিউডিসহ বিভিন্ন সংস্থার পৃথক রেট সিডিউল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দ্রুত একীভূত কাঠামো প্রণয়নের নির্দেশ দেন। তাঁর মতে, অনেক প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বেশি বলে মনে হচ্ছে।

উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, দেশের গ্রামীণ পরিবেশ ও সবুজায়ন রক্ষা করতে হবে এবং সড়কের পাশে পরিবেশের জন্য ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে।

এদিন অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্প পুনর্বাসন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ, ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ, মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

এছাড়া দীর্ঘদিন ঝুলে থাকা চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্পও নতুন করে গুরুত্ব পেয়েছে। প্রায় ৪ হাজার ১৮৯ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে চীনা ঋণ ও সরকারি অর্থায়নে শিল্পাঞ্চলের অবকাঠামো উন্নয়ন করা হবে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং উল্লেখযোগ্য বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ