প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের মধ্যে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার দপ্তরে স্বাগত জানান এবং প্রায় ২০ মিনিট তারা কথা বলেন।
এর আগে দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দুই নেতা পাশাপাশি দাঁড়িয়ে অংশ নেন।
জানাজা শেষে সংসদ ভবনের দিকে হাঁটার সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার আগ্রহ প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী তাকে সঙ্গে সঙ্গে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে কিছুটা পথ এগিয়ে দেন। উপস্থিতরা এ সৌজন্যকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও সংক্ষিপ্ত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় সবার প্রতি যথাযথ সম্মান ও সৌজন্য প্রদর্শন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে