দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীতে দুই দিনব্যাপী ‘সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে তিনি এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে এ এক্সপোর আয়োজন করা হয়েছে। এতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নে সহায়তা করা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারের নীতি, সুযোগ-সুবিধা ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের ধারণা দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ উৎপাদনের আধুনিক প্রযুক্তির পাশাপাশি সরকারি প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, পরিবেশবান্ধব প্রযুক্তি, সবুজ অর্থায়ন, জলবায়ু অর্থায়ন এবং কার্বন ক্রেডিটের বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। এ ছাড়া সৌরচালিত সেচব্যবস্থা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্পর্কেও বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন