দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৮০৩৪ দশমিক ৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০২ কিলোমিটার রেললাইন (চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (১১ নভেম্বর) কক্সবাজারের এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় সরকার প্রধান বলেন, "আজ কক্সবাজার রেল যোগাযোগের সঙ্গে সাথে যুক্ত হয়েছে। এটি গর্ব করার দিন।“
দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যিই খুব খুশি হয়েছেন বলেও জানান শেখ হাসিনা।
নবনির্মিত রেলস্টেশনের ফলক উন্মোচনকালে প্রধানমন্ত্রী আরও বলেন, "আমি রেলপথ উদ্বোধন করে আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। এটা এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি ছিল। আজ সেই দাবি পূরণ হয়েছে।“
নতুন রেল সংযোগটি পর্যটন, শিল্পায়ন, ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে দেশের অর্থনীতি শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদসহ বেশ কয়েকজন মন্ত্রী, আওয়ামী লীগের সিনিয়র নেতারাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম এবং দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন প্রকল্পের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী রেলস্টেশনে পৌঁছালে স্থানীয় শিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়।
রেলওয়ে স্টেশন উদ্বোধনের মাধ্যমে, ব্রিটিশ আমলে প্রথম উদ্যোগ নেওয়ার ১৩৩ বছর পর বিশ্বের বৃহত্তম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার রেল যোগাযোগের আওতায় এসেছে।
রেললাইন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে রামুগামী ট্রেনে চড়ে যান।
এদিকে ঢাকা-কক্সবাজার রুটে একটি আন্তঃনগর ট্রেন ১ ডিসেম্বর থেকে চলাচল শুরু করবে। বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যে তার সময়সূচী এবং ভাড়া নির্ধারণ করেছে। ট্রেনের নাম এখনও ঠিক করা হয়নি। ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে প্রায় ৮ঘন্টা ১০ মিনিট সময় নেবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে