মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় সরকারি সফর শেষ করে চীনের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে তিনি ও তার সফরসঙ্গীরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চীনের বন্দরনগরী দালিয়ানে প্রথমে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে দুই দিন অবস্থানকালে তিনি বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। দালিয়ানের কর্মসূচি শেষে রাজধানী বেইজিংয়ে গিয়ে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাস পর তারেক রহমানের এটি প্রথম বিদেশ সফর। সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া সফর করেন তিনি। চীন সফরে ২৩ সদস্যের প্রতিনিধি দলে আরও একজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন বলে জানা গেছে।
মতামত দিন