আপাতত ‘যমুনা’য় উঠছেন না প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ প্রস্তুত থাকলেও সেখানে আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও গুরুত্বপূর্ণ আয়োজনগুলো ‘যমুনা’তেই অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কারণে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনেই অবস্থান করছেন এবং আপাতত সেখান থেকেই কাজ চালিয়ে যাবেন।
দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে প্রধানমন্ত্রী ওই বাসভবনেই সপরিবারে বসবাস শুরু করেন। বাসভবনটি তার প্রয়োজন অনুযায়ী প্রস্তুত করা হয়েছে বলেও জানা গেছে। বাড়িটির পাশেই অবস্থিত ‘ফিরোজা’, যেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন বসবাস করেছেন।
গুলশানের এই বাসভবনটির রয়েছে ঐতিহাসিক গুরুত্বও। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার পরিবারকে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। পরে সেটির মালিকানা আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, সংস্কার শেষে ‘যমুনা’কে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। সেই অনুযায়ী ভবনটি প্রস্তুত করা হলেও আপাতত সেখানে না ওঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘যমুনা’ ভবনটি পুরোপুরি অব্যবহৃত থাকছে না। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান, কূটনৈতিক বৈঠক এবং বিশেষ আয়োজনগুলো এখানেই হবে। ইতোমধ্যে সেখানে কয়েকটি ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া আসন্ন ঈদের দিন সকাল ১০টায় ‘যমুনা’য় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে