হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেল ৪টা ১২ মিনিটে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছালে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী তাঁকে স্বাগত জানান। পরে তাঁকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর মাদ্রাসায় আগমনকে কেন্দ্র করে সেখানে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। মাদ্রাসা প্রাঙ্গণে একটি বিশেষ প্যান্ডেল তৈরি করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী আসার সময় শিক্ষার্থীরা সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে মোবারকবাদ জানায়।
গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কাছে যান এবং ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সেখানে প্রধানমন্ত্রী ও মাদ্রাসা সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার অধ্যক্ষ। তিনি দেশের প্রবীণ ইসলামী পণ্ডিতদের একজন হিসেবে পরিচিত।
মতামত দিন