Views Bangladesh Logo

ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের সদস্য দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান কূটনীতিকদের বক্তব্যকে স্বাগত জানিয়ে ওআইসি সদস্য দেশগুলোর প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে সেই সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর আরও কার্যকর সমর্থন কামনা করেন তিনি।

সাক্ষাতে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও বৈঠকে অংশ নেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ