Views Bangladesh Logo

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান সশরীরে মাঠপর্যায়ের সেনাপ্রশিক্ষণ এলাকায় গিয়ে সৈন্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ৯ পদাতিক ডিভিশনের ‘৮ বীর’ গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান এবং বিশাল মহড়া মাঠটি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে 'ফার্ম বেস'-এর বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিট কমান্ডিং অফিসারদের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী। তিনি অত্যন্ত মনোযোগ সহকারে একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনাবলী শোনেন এবং সেনাসদস্যদের একটি ‘রেইড’ প্রত্যক্ষ করেন।

এ সময় সৈন্যদের অবস্থান, রণকৌশল, অস্ত্রের ব্যবহার এবং বাস্তবসম্মত প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি সরাসরি আর্মি বাঙ্কারে নেমে আসেন এবং অনুশীলনে অংশ নেওয়া কর্মকর্তা ও সৈন্যদের সাথে যুদ্ধকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি ছদ্মবেশে থাকা (ক্যামোফ্লেজ) সেনাসদস্যদের কাছে গিয়ে তাঁদের খোঁজখবর নেন তিনি। সেই সঙ্গে তাদেরকে অনুপ্রাণিত করেন।

মহড়ার একপর্যায়ে প্রধানমন্ত্রী সৈন্যদের জন্য তৈরি তাৎক্ষণিক খাবার ও চা চক্রে অংশ নেন। সরকারপ্রধানকে এভাবে মাঠপর্যায়ে নিজেদের মাঝে দীর্ঘ সময় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেনাসদস্যরা।

পরে উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।’ জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ স্তরের প্রস্তুতি বজায় রাখার ওপর জোর দেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ