কপ৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে তিনি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন এবং এর ফাঁকে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে সফরের প্রস্তুতি সম্পর্কে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
আন্তালিয়ায় ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
পররাষ্ট্রসচিব জানান, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎসূচি চূড়ান্ত করার কাজ চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন, এসব আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি করবে।
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন বৈঠকের সুযোগ আছে এবং সেখানে দুই দেশের সার্বিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। তবে বহুপাক্ষিক সম্মেলনের ফাঁকে সৌজন্য সাক্ষাতে নির্দিষ্ট প্রকল্প নিয়ে সমঝোতার সম্ভাবনা কম। জাপানি কনসোর্টিয়ামের অংশীদার হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে তুরস্কের প্রতিষ্ঠান চেলেবির আগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের বৈঠকে ওই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা নেই।
জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, আন্তর্জাতিক ফোরামে ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সচেতনতা বাড়াতে ও সহযোগিতা আদায়ে কাজ করে। বাংলাদেশের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিয়ে নানা প্রাক্কলন আছে, যা বৈশ্বিক আলোচনায় তুলে ধরা হয়। এতে দেশের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা তৈরি হয়, যা বাংলাদেশের অনুকূলে কাজ করে। কপ প্রক্রিয়ায় বাংলাদেশ কত ক্ষতিপূরণ পেয়েছে, জানতে চাইলে তিনি বলেন, এ-সংক্রান্ত তথ্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দিতে পারবে। ক্ষতিপূরণ এবং আন্তর্জাতিক ফোরামে অবস্থান তুলে ধরার মাধ্যমে বাংলাদেশ যে সার্বিক সহায়তা ও সহযোগিতা পায়, তিনি এ দুটিকে আলাদা করে দেখান।
পূর্ণাঙ্গ অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন। পররাষ্ট্রসচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি এটি। এ প্রেক্ষাপটে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়নও অন্যান্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
সম্মেলনে জলবায়ু সহনশীলতায় বাংলাদেশের অর্জন তুলে ধরার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ুর প্রভাব মোকাবিলার অভিজ্ঞতাও বিনিময় করা হবে। পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরতে সম্মেলনের গ্রিন জোনে একটি পাট প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগও নিয়েছে বাংলাদেশ। সম্মেলন চলাকালে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার এবং প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণা আসার সম্ভাবনাও রয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব।
এ ছাড়া ১২ ও ১৩ নভেম্বর ব্লু জোনে পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি পার্শ্ব অনুষ্ঠানের আয়োজন করবে। একটির বিষয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশে নারীদের লিঙ্গভিত্তিক ঝুঁকি, অন্যটির বিষয় পরিবেশবান্ধব, পচনশীল ও শূন্য বর্জ্যের পাটপণ্যের প্রসারে চ্যালেঞ্জ। এসব আয়োজনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা যেসব বিশেষ ঝুঁকিতে পড়ছেন এবং কৃত্রিম পলিমারভিত্তিক পণ্যের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহার বাড়ানোর সুযোগের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা হবে।
পররাষ্ট্রসচিব জানান, এ বছরের সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক, আর আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা প্রক্রিয়ায় সহসভাপতির দায়িত্বে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তঃমন্ত্রণালয় আলোচনা ও অংশীজনদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে দেশের অবস্থান ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে এবং জলবায়ু সহনশীলতা গড়ে তোলার প্রচেষ্টা ও অর্জন তুলে ধরার সুযোগ দেবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রসচিব।
ব্রিফিংয়ে অতিরিক্ত পররাষ্ট্রসচিব (জনকূটনীতি ও অন্যান্য অগ্রাধিকার বিষয়) এ কে এম শহিদুল করিম ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন