Views Bangladesh Logo

রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রথমবারের মতো সরকারপ্রধান হিসেবে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সফরের আগে বিমানবন্দরে তাকে বিদায় জানান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা। সরকারি সূত্রে জানা গেছে, তারেক রহমানের এবারের মালয়েশিয়া সফর দুই দিনের। সফরে তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সীমিত সংখ্যক সফরসঙ্গী রয়েছেন।

এই সফরে কুয়ালালামপুরে মালয়েশিয়ার সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা এবং জনশক্তি রপ্তানি খাতে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া কর্মী নিয়োগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে। সফরের অংশ হিসেবে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পর্কিত দুইটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ধাপে মালয়েশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান সফরে যাবেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ