বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন শেষ করে বুলেট ট্রেনযোগে বেইজিংয়ের উদ্দেশে ডালিয়ান ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বিকেল ১টা ৫৬ মিনিটে ডালিয়ান নর্থ রেলওয়ে স্টেশন থেকে হাই স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
যাত্রা করার আগে কড়া নিরাপত্তার মধ্যে শাংগ্রি-লা হোটেল থেকে জিপ গাড়িতে করে রেলওয়ে স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোসে’র বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ যোগ দেন।
এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মতামত দিন