Views Bangladesh Logo

ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১) এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার বিকেলে তুরস্কের আন্তালিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে। শুক্রবার সকাল ৫টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

কপ৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেন তিনি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর চাহিদা পূরণে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া সম্মেলন চলাকালে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

কপ৩১-এ অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের দেওয়া নৈশভোজে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন তারেক রহমান।

সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ