Views Bangladesh Logo

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো ও আন্তর্জাতিক মানের বন্দরসেবা নিশ্চিত করতে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

প্রকল্পটির আওতায় বন্দরে দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে। পাশাপাশি পণ্য ওঠানো-নামানো ও পরিবহন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়ন করা হবে। এর মাধ্যমে মোংলা বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামগ্রিক বন্দরসেবার মান উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে দিনের কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। খুলনা ও বাগেরহাটে এক দিনের সরকারি সফরের অংশ হিসেবে তিনি সেখানে যান।

মোংলায় পৌঁছে প্রধানমন্ত্রী ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।

সমঝোতা স্মারকে ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোনস বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে দুই পক্ষ যৌথভাবে কাজ করবে। এর মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও অবকাঠামোগত সহযোগিতার নতুন সুযোগ তৈরির প্রত্যাশা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ