ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ বছর পূর্তি এবং ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে অনুষ্ঠানস্থলে যোগ দিয়ে হাসপাতাল প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
ক্যাম্পাসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং পরবর্তীতে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আলোচনা সভায় যোগ দেন।
দিনব্যাপী এই উৎসবের অংশ হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘২০টি হোস্টেল প্রকল্পের’ অধীনে ছাত্রীদের জন্য দুটি আবাসিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই সাথে সেখানে আয়োজিত একটি বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে পুরো ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসজুড়ে এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দ উদযাপনে অংশ নেন।
মতামত দিন