স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এই ডাক টিকিট অবমুক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জানা গেছে, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দপ্তরে গিয়ে তিনি প্রথমে কিছু জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করেন। পরে সকাল সাড়ে ৯টায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, আজ বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হলেও, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি উপলক্ষে এ সপ্তাহে বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।
২০০৮ সালের পর দীর্ঘ দেড় যুগ পেরিয়ে এবার এক ভিন্ন রাজনৈতিক ও সামাজিক আবহে সারা দেশে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। এবার ১৮ বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে