Views Bangladesh Logo

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এর আগে, এদিন বেলা ১২ টার দিকে বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশনের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১ টার দিকে জেলা আইনজীবি সমিতির ভবনের ফলকের উদ্বোধন করেন তিনি। পরে সোয়া ১১টার দিকে জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

আজ সকাল পৌনে ১০ টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান তিনি। এসময় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

এদিন সকাল ৬ টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন। বগুড়ায় পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী সফরসূচিতে আরও রয়েছে, বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন। গাবতলীর নশিপুরে খাল খননকাজের উদ্বোধনও করবেন তিনি। পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে আবারও বগুড়া শহরের উদ্দেশে রওনা হবেন। সেখানে বিকেল চারটার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভা শেষে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন তিনি। সেইসাথে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন।

সবশেষে সন্ধ্যা ছয়টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফিরে যাওয়ার পথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সংক্ষিপ্ত যাত্রাবিরতি করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ