Views Bangladesh Logo

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের নারীপ্রধান পরিবারগুলোর সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি।

এই কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক ভাতা প্রদান করা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভোগান্তি কমাতে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সরাসরি উপকারভোগীর মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে।

সরকার জানিয়েছে, পাইলট প্রজেক্ট হিসেবে পরীক্ষামূলকভাবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই প্রকল্প চালু হয়েছে। আগামী জুন পর্যন্ত চার মাসের জন্য এই খাতে ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এই পাইলট প্রকল্পের স্বচ্ছতা রক্ষায় জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

প্রকল্পের শুরুতে ৬৭,৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এরপর আধুনিক সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্য সূচক বিশ্লেষণ করে পরিবারগুলোকে পাঁচটি শ্রেণিতে (হতদরিদ্র থেকে উচ্চবিত্ত) বিন্যস্ত করা হয়েছে।

নিবিড় যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকার ৫১ হাজার ৮০৫টি পরিবারের মধ্য থেকে চূড়ান্তভাবে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারকে এই ভাতার জন্য যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। সরকারের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ