ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি এই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এ সময় বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ডাক বিভাগের বিশেষ এই আয়োজন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ডাকটিকিটের পাশাপাশি ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এসব সামগ্রীতে বিশেষ স্মারক সিলমোহর ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ।
উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবল-২০২৬ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করছে এবং এবারের আসরে মোট ৪৮টি দল অংশ নিচ্ছে।

মতামত দিন