বন্যায় জানমাল রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ
ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষায় সর্বোচ্চ সমন্বয় ও সতর্কতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা এবং মাঠ প্রশাসনকে জরুরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবন ও সম্পদ রক্ষা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এ কাজে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
তিনি বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য, ওষুধ এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
এ ছাড়া আশ্রয়কেন্দ্রে নিরাপদ আবাসন, স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি ও গর্ভবতী নারীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
দুর্যোগের সুযোগে চুরি, মজুতদারি ও ত্রাণ আত্মসাতের মতো অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন।
বৈঠকে কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, চট্টগ্রামে জলাবদ্ধতা ধীরে ধীরে কমছে। তবে মনু নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। অন্যদিকে রংপুরেও নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
মতামত দিন