Views Bangladesh Logo

বাংলাদেশকে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময় গড়তে চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে মূল্যশৃঙ্খল সম্প্রসারণ করে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক বিস্ময় রচনায় যৌথ অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, 'আমরা চীনা কোম্পানিগুলোকে তাদের মূল্যশৃঙ্খল বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান জানাচ্ছি। ক্রমবর্ধমান বৃহৎ অভ্যন্তরীণ বাজারের সুবিধা গ্রহণের পাশাপাশি আমরা চীনা কোম্পানিগুলোকে বৈশ্বিক বাজারে আরও কার্যকরভাবে সেবা দিয়ে সহায়তা করতে পারি।'

তিনি বলেন, বাংলাদেশে ইতিমধ্যে বহু চীনা বিনিয়োগকারী সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। তারাই বলতে পারবেন — বাংলাদেশের মানুষের কর্মক্ষমতা, সহনশীলতা ও বিপুল সম্ভাবনার কথা। 'তারা বলতে পারবেন বাংলাদেশ ফলাফল দিতে সক্ষম,' যোগ করেন তারেক রহমান।

আরও বেশি চীনা কোম্পানিকে বাংলাদেশে এসে নতুন দৃষ্টিতে দেশটিকে মূল্যায়ন করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, 'তাদের বিনিয়োগ যথাযথ মূল্যায়ন পাবে, উদ্বেগ ও প্রত্যাশার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং আরও গতিশীল ও সেবাকেন্দ্রিক বিনিয়োগ পরিবেশের মাধ্যমে তাদের প্রবৃদ্ধিকে সহায়তা করা হবে।'

ফোরাম থেকে একটি অভিন্ন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের সম্ভাবনাগুলোকে দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমৃদ্ধিতে রূপান্তর করতে হবে। ভাষণ শেষে তিনি চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, 'বাংলাদেশে আসুন, বাংলাদেশে বিনিয়োগ করুন। সমমর্যাদার অংশীদারিত্বের ভিত্তিতে আমরা একসঙ্গে সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করি।'

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ