ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকায় ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
ত্রাণমন্ত্রী বলেন, ঢাকা একটি ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগরী। বড় ধরনের ভূমিকম্প হলে এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। এ বাস্তবতায় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় এক লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারেন, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ভূমিকম্পের সময় ও পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে প্রাথমিকভাবে দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ভূমিকম্প মোকাবিলায় একটি প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত করতে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে