Views Bangladesh Logo

ইরানসহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি প্রবাসীদের বিষয়ে সর্বশেষ তথ্য জানতে চান। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইরানের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। চলমান পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী বহু ফ্লাইট বাতিল হওয়ায় বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সার্বিক দেখভাল কেমন হচ্ছে, তা প্রধানমন্ত্রী ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং প্রতিমন্ত্রী এ বিষয়ে কাজ করছেন। প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন।

এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে পৌঁছান। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা হয় এবং এ বিষয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

দুর্যোগমন্ত্রী সাংবাদিকদের জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ