যশোরে উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাদেশে নদী, খাল ও জলাশয় পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত দেশব্যাপী উদ্যোগের অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলায় ‘উলশী খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে সকাল সোয়া ১০টার দিকে যশোর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শার্শা উপজেলার ৪ কিলোমিটার দীর্ঘ এই উলশী-যদুনাথপুর খালটি ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খনন করা হয়েছিল। তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই প্রকল্পটি ‘জিয়া খাল’ হিসেবেও পরিচিত। বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই খালের পুনঃখনন কাজ পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ সংরক্ষণ এবং সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই পুনঃখনন কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক এই স্থানে ১৯৭৬ সালের সেই মূল উদ্বোধনী ফলকটি এখনও সংরক্ষিত রয়েছে, যা এই প্রকল্পের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে