ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা ১৭ মিনিটের দিকে জেলার পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখনন করা হবে। এ ছাড়া ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসনের পাশাপাশি নির্মাণ করা হবে ৭৭টি ইনলেট।
প্রকল্পের পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীর তীরে নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিলোনিয়া নদীর তীরেও বাঁধ নির্মাণ, খনন ও পুনর্বাসনের কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ফেনীতে পৌঁছান প্রধানমন্ত্রী। পরশুরামে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধনের পর তাঁর ফুলগাজীতে যাওয়ার কথা রয়েছে। সেখানে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে সেখানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে বিশ্রাম ও নামাজ আদায়ের পর বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
ওই অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সম্মানী প্রদান করবেন। পরে সেখানে জনসভায় বক্তব্য দিয়ে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সরকারি উদ্যোগে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় সরকারি ভবনের ছাদে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা রয়েছে।
কর্মসূচির আওতায় ফুলগাজী উপজেলায় ৫১০ জনকে ফ্যামিলি কার্ড এবং পুরো ফেনী জেলায় ৭ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ফুলগাজীতে ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এয়াস্কান্দার মজুমদারের পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গেও ফেনী-১ আসনের দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক রয়েছে। ১৯৯১ সাল থেকে একাধিকবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
মতামত দিন