সুরমা নদীর তীরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিলেটে সুরমা নদীর দুই তীরের সৌন্দর্যবর্ধন এবং বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো শক্তিশালীকরণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বেলা ১১টার দিকে নগরীর ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটে এই উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তিনি সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে ভাষণ দেন।
আশা করা হচ্ছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে সুরমা নদীর দুই তীরের নান্দনিকতা বৃদ্ধির পাশাপাশি বর্ষা মৌসুমে নগরের বন্যা প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে সকাল ১০টা ৫ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান তারেক রহমান এবং সেখানে তিনি মোনাজাত ও জিয়ারত করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বিভাগীয় শহর সিলেটে এটিই তাঁর প্রথম সরকারি সফর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে