Views Bangladesh Logo

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ আয়োজনের উদ্বোধন করেন।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ সপ্তাহের আয়োজন করেছে। উদ্বোধন উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, ভবিষ্যৎ সম্ভাবনা এবং এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় আটটি শ্রেণিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে স্বর্ণ ও রৌপ্য পদক তুলে দেন। পদকপ্রাপ্তদের মধ্যে গবাদিপশুর খামার শ্রেণিতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী পুরস্কার গ্রহণ করেন। এ ছাড়া বিউটি পাঠার খামারের মালিক বিউটি বেগমও পুরস্কার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। পরে পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোকচিত্রে অংশ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ ছাড়া বক্তব্য দেন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন। সেখানে প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি, উৎপাদনব্যবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে।

২৬ নভেম্বর থেকে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এ উপলক্ষে রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ