কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন, ২২ হাজার কৃষকের মোবাইলে ২,৫০০ টাকা পাঠালেন প্রধানমন্ত্রী
টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী ল্যাপটপে একটি বাটন চাপলে সারাদেশের ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন প্রান্তিক কৃষকের মোবাইলে সরাসরি ২,৫০০ টাকা করে পৌঁছে যায়। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলাও অন্তর্ভুক্ত ছিল।
‘কৃষক কার্ড’ ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। এর মাধ্যমে সরকার তাদের আরেকটি অঙ্গীকার বাস্তবায়নের দিকে এগিয়ে গেল। এর আগে সরকার ‘ফ্যামিলি কার্ড’, ‘স্পোর্টস কার্ড’ এবং খাল খনন কর্মসূচিও চালু করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও বিভিন্ন গাছের চারা তুলে দেন।
উপকারভোগীদের মধ্যে ছিলেন আবু কাইসার, রোমান, শাহনুর আলম, শাহ আলম, জুলেখা আক্তার, নাসিমা খানম সুমনা, শিল্পী, আমেনা বেগম, নবাব আলী, মোহাম্মদ আলী, কবির হোসেন, মনোয়ারা আক্তার, শামীমা আক্তার, লায়লা বেগম ও তাহমিনা।
এর আগে সকাল ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছান এবং উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পবিত্র কোরআন, গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে