শোলাকিয়া ঈদগাহ মাঠ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রোববার সন্ধ্যায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী জানান, ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য সরকার ১৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে এবং এর মধ্যে ৬ কোটি টাকা জেলা প্রশাসনের কাছে ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, দ্রুত কাজ শুরু হবে, যাতে লাখো মুসল্লি আরও সুন্দর ও সুবিধাজনক পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন।
অনুষ্ঠান শেষে তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং নিজ হাতে একটি গাছ রোপণ করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে তিনি শোলাকিয়া মাঠে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান।
সৌদি আরবের আরাফাতের মাঠের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শোলাকিয়াতেও নিম গাছ লাগানো হবে। নিম গাছ বড় হলে ঈদের সময় মুসল্লিরা যেমন ছায়া পাবেন, তেমনি বছরের অন্য সময় শিশু ও স্থানীয় মানুষও এর উপকার ভোগ করবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে দিনভর শোলাকিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে একনজর দেখতে এবং বক্তব্য শুনতে ঈদগাহ মাঠে সমবেত হন। অনুষ্ঠান শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।
মতামত দিন