বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১২ টার দিকে বগুড়া পৌরসভা ভবনে সিটি করপোরেশনের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
এর আগে বেলা ১১টার দিকে জেলা আইনজীবি সমিতির ভবনের ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সোয়া ১১টার দিকে জজ আদালতে ই-বেইল বন্ড উদ্বোধন করেন তিনি। এরপরই বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করেন তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় ফুল দিয়ে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
প্রধানমন্ত্রী সফরসূচিতে আরও রয়েছে, দুপুর পৌনে ১টার দিকে গাবতলীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।
পরবর্তীতে দুপুর ১টার দিকে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও দুপুর পৌনে ২টার দিকে গাবতলীর নশিপুরে খাল খননকাজের উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর আড়াইটার দিকে পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে আবারও বগুড়া শহরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সেখানে বিকেল ৪টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
জনসভা শেষে প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
সবশেষে সন্ধ্যা ছয়টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিরে যাওয়ার পথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সংক্ষিপ্ত যাত্রাবিরতি করার কথা রয়েছে তাঁর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে