আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের ২৩ নম্বরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।
দলীয় মনোনয়নপ্রত্যাশীরা শনিবার থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্দিষ্ট বুথ থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে।
কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীরা কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, মনোনয়ন প্রত্যাশীদের নিজে বা যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। মনোনয়নপত্র সংগ্রহের জন্য প্রার্থীকে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর, যেখানে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ১-৪ ডিসেম্বর পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে