Views Bangladesh Logo

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে তিনি নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। নতুন ভবনটি চালু হওয়ায় নিউরোসায়েন্সেস হাসপাতালের মোট শয্যাসংখ্যা ৫০০ থেকে বেড়ে ১ হাজারে উন্নীত হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন ভবনটি ১৫ তলা বিশিষ্ট। এর নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে নির্মাণ করা হয়েছে। সেখানে পার্কিং সুবিধার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সার্ভিস সেকশন রাখা হয়েছে। ভবনের ওপরের ১২ তলায় রোগীদের চিকিৎসাসেবার জন্য বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট স্থাপন করা হয়েছে।

নতুন ভবনে বিশেষায়িত চিকিৎসার জন্য ৪০টি আইসিইউ শয্যা, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিনের ব্যবস্থা রয়েছে। এর ফলে নিউরোলজি ও নিউরোসার্জারিসহ বিভিন্ন জটিল স্নায়ুরোগের চিকিৎসায় হাসপাতালটির সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দেশে নিউরোরোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তী সময়ে রাজধানীর অন্যতম প্রধান বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এবার বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন করলেন। নতুন অবকাঠামো চালুর মাধ্যমে দেশের বিপুলসংখ্যক নিউরোরোগীর জন্য উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ