Views Bangladesh Logo

ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এটি গ্রহণ করা হয়েছে।

প্রাথমিকভাবে এই পাইলট প্রকল্পের আওতায় দেশের হাজার হাজার ধর্মীয় সেবক মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। এতে ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃত্বপ্রাপ্ত ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক স্বীকৃতি নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও অন্যান্য কর্তৃপক্ষ এই প্রকল্পের আওতায় থাকবেন।

মাসিক আর্থিক রূপরেখা অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা। অন্য ধর্মের উপাসনালয়ে প্রতি মাসে ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে, যার মধ্যে পুরোহিত, অধ্যক্ষ বা যাজকের জন্য ৫ হাজার এবং সহকারী সেবক বা উপাধ্যক্ষের জন্য ৩ হাজার টাকা নির্ধারিত।

এই উদ্যোগকে জাতীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন ধর্মের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ