Views Bangladesh Logo

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় বুধবার ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আঞ্চলিক সংঘাতের কারণে বাংলাদেশে, বিশেষ করে প্রবাসী কর্মী, রেমিট্যান্স, নৌপরিবহন ও জ্বালানি নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, ঢাকা জাতিসংঘকে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করে। পশ্চিম এশিয়ায় থাকা প্রায় ৮০ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মী নিয়েও উদ্বেগের কথা জানানো হয়েছে। সংঘাত শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে না গেলে তা প্রবাসী কর্মী ও রেমিট্যান্সের ওপর প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, হরমুজ প্রণালিতে চলমান পরিস্থিতির কারণে কয়েকটি বাংলাদেশি কনটেইনার জাহাজ আটকে আছে। বাংলাদেশ দ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে যুদ্ধের অবসান চায় বলে ইরানের প্রেসিডেন্টকে জানানো হয়েছে। পরিস্থিতির সমাধান হলে যুদ্ধের কারণে আটকে থাকা বাংলাদেশি জাহাজগুলো যেন নিরাপদে দেশে ফিরতে পারে, সে বিষয়ে ইরানের সহযোগিতাও চাওয়া হয়েছে।

বাংলাদেশকে জ্বালানি সংকটের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা নিয়েও বৈঠকে উদ্বেগ জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাঁর কর্মকর্তারা উত্থাপিত বিষয়গুলো নোট করে নিয়েছেন।

হুমায়ুন কবির বলেন, পশ্চিম এশিয়ার কয়েকটি অংশীদারও বাংলাদেশের নিরপেক্ষ অবস্থানের কারণে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতার জন্য কূটনৈতিকভাবে গঠনমূলক ভূমিকা রাখতে চায় বলেও জানান তিনি।

তিনি বলেন, জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও নৌপরিবহনের ওপর আঞ্চলিক সংঘাতের প্রভাব নিয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরা হয়েছে।

বৈঠকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ